আগামী ১ জুন থেকে নতুন দর কার্যকরের প্রস্তাব

বিদ্যুতের দাম ২১ থেকে ২৯ ভাগ বাড়ানোর প্রস্তাব

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২৬, ০৪:২২ পিএম

বিদ্যুতের দাম ২১ থেকে ২৯ ভাগ বাড়ানোর প্রস্তাব

ছবি: সংগৃহীত

বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের দাম ২১ থেকে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব তুলে ধরে। সংস্থাটি আগামী ১ জুন থেকে নতুন দর কার্যকরেরও প্রস্তাব দিয়েছে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে পিডিবি জানায়, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য ৭ টাকা ৪ পয়সা হলেও গত অর্থবছরে উৎপাদন ও সরবরাহে গড় খরচ হয়েছে ১৩ টাকা ১৯ পয়সা। এই ব্যবধানের কারণে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি সংস্থাটির।

পিডিবি আরও জানায়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে এই ঘাটতি ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তাদের হিসাব অনুযায়ী, প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা বাড়ানো হলে প্রায় ১৩ হাজার ২৯৮ কোটি টাকার ঘাটতি কমানো সম্ভব হবে। আর ১ টাকা ৫০ পয়সা বাড়ানো হলে ঘাটতি কমবে সাড়ে ১৬ হাজার কোটি টাকার বেশি।

শুনানিতে ভোক্তা অধিকার সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা অংশ নেন। তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয়েছিল। এবার নতুন প্রস্তাব নিয়ে আবারও আলোচনা শুরু হওয়ায় শিল্প ও সাধারণ গ্রাহক পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Link copied!