মে ২৫, ২০২৬, ০৩:৪১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
আজ (সোমবার) দুপুর ১২টার দিকে কুমিল্লাে হাসপাতাল পরিদর্শন শেষে পুরাতন ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে মন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে তিনি এই সফরে আসেন।
মন্ত্রী জানান, প্রথম ধাপে ১৮টি উপজেলায় পরিচালিত টিকাদান ক্যাম্পেইনে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে মো. শাখাওয়াত হোসেন বলেন, আমি যদি ১০ জন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাবো? শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। আমাদের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয়, তা নিশ্চিত করা।
পরিদর্শনের সময় মন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা শোনেন, খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগও শোনেন।
এ সময় স্থানীয় প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।