ভারী বৃষ্টিতে সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৬, ১২:৪৫ পিএম

ভারী বৃষ্টিতে সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে এ তথ্য জানান।

এদিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ঈদকে সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রীকে উদ্বেগ ও ভোগান্তির মধ্যে থাকতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এজিএম মোহাম্মদ সালাম।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। যাত্রী ও নদীপথে চলাচলকারী যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।

Link copied!