টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে টাইগাররা

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ইতিহাস গড়ল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২৬, ০১:১৫ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও বড় সাফল্য পেল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। দেশের ক্রিকেট ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট র‌্যাঙ্কিং।

সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের দাপুটে জয় তুলে নিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয় এবং প্রথম হোয়াইটওয়াশ।

এই সাফল্যের ফলেই আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। এতদিন আট নম্বরে থাকা দলটি এবার ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে উঠে এসেছে সাত নম্বরে।

অন্যদিকে সিরিজ হারের ধাক্কায় পাকিস্তান নেমে গেছে আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজও এক ধাপ পিছিয়ে এখন রয়েছে নয় নম্বরে। এদিকে শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয়ে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠেছিল বাংলাদেশ। তবে এবার সেই অর্জনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টানা দুর্দান্ত পারফরম্যান্সে দেশের ক্রিকেটে নতুন আশার আলো দেখছেন সমর্থকরা।

Link copied!