ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। একই সঙ্গে তেহরান জানিয়েছে, দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও যুক্তরাষ্ট্র গত ৪৮ ঘণ্টায় হরমোজগান অঞ্চলে একাধিক সামরিক তৎপরতা চালিয়েছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম ও সমঝোতার পরিপন্থী।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে থাকা নৌযান লক্ষ্য করে নতুন অভিযান চালানো হয়েছে। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম তিন শতাংশের বেশি বেড়ে যায়।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তারা দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দিকেও গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে লেবাননেও নতুন করে ইসরাইলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফলে সেখানে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতিও নতুন চাপের মুখে পড়েছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।
ইরান তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, দেশের নিরাপত্তা ও জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা পিছপা হবে না। যদিও সম্ভাব্য পাল্টা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।