মে ২১, ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত
প্রায় তিন দশক আগের একটি আলোচিত ঘটনার জেরে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ মোট চারজন নিহত হন। অভিযোগে বলা হয়েছে, কিউবার যুদ্ধবিমান ইচ্ছাকৃতভাবে বিমান দুটি ভূপাতিত করেছিল।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্লানশে বলেছেন, রাউল কাস্ত্রোকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি স্বেচ্ছায় অথবা অন্য কোনো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে হাজির হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পদক্ষেপ কিউবার জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে ‘অবৈধ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে কিউবা সরকার। দেশটির বর্তমান প্রেসিডেন্ট অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পুরোনো ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন।
জানা গেছে, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে মায়ামিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বিমান কিউবার আকাশসীমার কাছে গুলি করে ভূপাতিত করা হয়। সংগঠনটি মূলত সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করা কিউবান নাগরিকদের খুঁজে বের করে সহায়তা দিত।
ঘটনাটি সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ সময় পর আবারও বিষয়টি সামনে আসায় যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।