চীন ছাড়লেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৩:২১ পিএম

চীন ছাড়লেন ট্রাম্প

ছবি: রয়টার্স

বেশ কিছু ব্যবসায়িক চুক্তির ঘোষণা দিয়ে তিন দিনের সফর শেষে শুক্রবার (১৫ মে) চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষিত এসব চুক্তি বাজারে উল্লেখযোগ্য ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। অন্যদিকে বিদায়বেলায় ওয়াশিংটনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করে দিয়েছে বেইজিং। পাশাপাশি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেছে চীন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০১৭ সালের পর প্রধান কৌশলগত ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এটিই ছিল প্রথম সফর। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে কমে যাওয়া জনপ্রিয়তা কিছুটা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই সফর থেকে বাস্তবসম্মত কিছু অর্জনের চেষ্টা ছিল তার বলে ধারণা করা হয়।

সফরজুড়ে জাঁকজমকপূর্ণ আয়োজন দেখা যায়। এর মধ্যে ছিল রাজকীয় অভ্যর্থনা, কুচকাওয়াজরত সেনাদের অংশগ্রহণ, বিলাসবহুল নৈশভোজ এবং গোপন বাগানে ব্যক্তিগত ভ্রমণের আয়োজন। সফরের সময় ট্রাম্প বারবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রশংসা করেন এবং তার আন্তরিকতা ও ব্যক্তিত্বের কথা উল্লেখ করেন।

চীনা নেতাদের কার্যালয় হিসেবে ব্যবহৃত সাবেক রাজকীয় উদ্যান ঝংনানহাই কমপ্লেক্সে চূড়ান্ত বৈঠকের পর এবং লবস্টার বল ও কুং পাও স্ক্যালপসের নৈশভোজে অংশ নেওয়ার আগে ট্রাম্প শি জিনপিংকে বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য সফর ছিল। আমি মনে করি এখান থেকে অনেক ভালো কিছু আসবে।’

Link copied!