মে ২০, ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে টানা দশম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। একইসঙ্গে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রিপন শরীফের গ্রেপ্তার ও বিচারও দাবি করেছেন তারা।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিরাও সমাবেশে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান ভিসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো আন্দোলনে নামা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ওপর বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈদুল আজহার আগেই ভিসিকে অপসারণ না করা হলে ক্লাস বর্জনসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি আরও কঠোর করা হবে।
আন্দোলনকারীরা জানান, গত ১১ মে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ভিসিকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু হয়।
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানা যায়।
বর্তমানে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, ক্লাস বর্জন এবং ভিসি ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।