আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৬, ১২:৪৭ পিএম

আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশে চিকিৎসা শিক্ষার সম্প্রসারণে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিকেল কলেজ।

Link copied!