ঈদুল ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৬, ০২:০৮ পিএম

ঈদুল ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে।

তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি ২৪ মে থেকে শুরু হলেও, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষ করেই দীর্ঘ অবকাশে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপঞ্জিতে তুলনামূলক দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা অবকাশ পাচ্ছে।

ছুটি শেষে জুন মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও জুলাই ও আগস্টে একাধিক সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে।

এছাড়া আগস্টে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় ও মানসিক প্রশান্তির সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে এ ধরনের দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

Link copied!