মে ২১, ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ ও ভাঙচুর করেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল কাউন্দার চক এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে ঘিরে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রাতে ওসমান গনির ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান।
ওসমান গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।