মে ১৭, ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জুলাই অভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যাকাণ্ডে নেতৃত্বস্থানীয় ভূমিকা থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
আদালতের কার্যক্রম শেষে প্রসিকিউটর ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, দণ্ডিত হাসিবুর রশীদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে রায়ের সাজা অনুযায়ী তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তিনি ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন, তাই আজ থেকেই তার সাজা কার্যকর হবে।
তিনি আরও জানান, মামলার রায় গত ৯ এপ্রিল ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি এখনো প্রকাশ করা হয়নি। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর দণ্ডিত ব্যক্তি নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন।