লেফটেন্যান্ট নির্জন হত্যা: চার আসামির মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২০, ২০২৬, ০৪:০৮ পিএম

লেফটেন্যান্ট নির্জন হত্যা: চার আসামির মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও কয়েকজনকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। বিচারক তাদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান। পরে দণ্ডপ্রাপ্তদের আদালত ভবন থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি খুরশিদ আলম চৌধুরী বলেন, দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন আলামত পর্যালোচনার পর আদালত এ রায় দিয়েছেন। একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলাতেও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় ডাকাত দলের হামলার মুখে পড়েন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।

ঘটনার দুই দিন পর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।

Link copied!