শাপলা চত্বর হত্যাকাণ্ড

দীপু মনি-মোজাম্মেল বাবু-রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৬, ০১:১১ পিএম

দীপু মনি-মোজাম্মেল বাবু-রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

দিপু মনি , মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা | ছবি: কোলাজ/দ্য রিপোর্ট ডট লাইভ

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ওই ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সেই সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ছয়জন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন।

Link copied!