ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশিদ।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বর্তমানে নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর রয়েছে। ফলে এসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জায়গা সংসদই।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত মনে করেছেন সরকার ও বিচার বিভাগকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর উদ্দেশ্যেই এ রিট করা হয়েছিল।
গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ এ রিট দায়ের করেন। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং আন্তর্জাতিক ও দেশীয় চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল আবেদনে।
এর আগে শুনানি শেষে গত ১৭ মে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রিট খারিজের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ।