জঙ্গল সলিমপুরের ঘটনা কঠোরভাবে নির্মূলের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৬, ০২:১০ পিএম

জঙ্গল সলিমপুরের ঘটনা কঠোরভাবে নির্মূলের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইল ছবি

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে কোনো আইনের শাসন ছিল না, তাই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় যেখানে পুলিশ সদস্যদের ওপর হামলা হচ্ছে, তা নজরদারিতে রাখা হয়েছে। তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি কঠোরভাবে নির্মূল করা হবে। এদেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এবার সড়ক দুর্ঘটনা অনেক কম। যা হচ্ছে বেশিরভাগই নিজেদের ভুলে। এ জন্য যাত্রীদের সচেতন হতে হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করে ঈদের সময়। মহাসড়ক, পশুর হাট সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। পশুর হাটে জাল নোট শনাক্তকারী ব্যবস্থাপনা আছে। ঈদ পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য সরাতে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময়েও কাজ চলবে।

সড়ক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, টোল ব্যবস্থার আধুনিকায়নের জন্য সড়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে এবং ডিজিটালাইজেশনের প্রয়োজন রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে লোকনাথ উৎসব ও মাদারীপুরে কুম্ভ মেলার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলী নগরে যৌথ বাহিনীর ক্যাম্পে কয়েকশ সন্ত্রাসী হামলা চালায় এবং নির্মাণাধীন ক্যাম্প ভেঙে দেয়। এ সময় উপস্থিত লোকজনকে মারধর করা হয়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে সোমবার সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

Link copied!