ছবি: সংগৃহীত
ইন্টার মায়ামির হয়ে ম্যাচ চলাকালে মাঠ ছাড়ায় লিওনেল মেসির চোট নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। তবে পরীক্ষার পর স্বস্তির খবর দিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। জানানো হয়েছে, আর্জেন্টাইন তারকার বড় কোনো চোট ধরা পড়েনি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় তাকে বাঁ উরুতে হাত দিতে দেখা যায়। এরপর থেকেই বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়।
তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত চাপের কারণে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে সাময়িক ক্লান্তি অনুভূত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় গুরুতর কোনো ইনজুরির প্রমাণ মেলেনি।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, মেসির মাঠে ফেরার সময় নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ডবলে আমারিল্লা জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যেতে পারে তাকে।
বিশ্বকাপের আগে আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।