ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মারা গেছে ১৬ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫২৮ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ১২৮ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০৬।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৯ শিশু। তবে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২০৩ জন।
সরকারি তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে। আর পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২।
এ পর্যন্ত মোট ৫০ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৬ হাজারের বেশি শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।