জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৯:৫৬ এএম

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

 

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হলেও ভোর থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের আগেই পুরো ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না থাকায় অনেকে আশপাশের সড়কেও নামাজ আদায় করেন।

প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। নামাজের আগে তিনি বিশেষ বয়ান করেন। পরে খুতবায় ঈদুল আযহার ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন।

ঈদগাহে নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়। প্রায় সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজুর স্থান ও সংরক্ষিত নামাজের ব্যবস্থা ছিল। পাশাপাশি চিকিৎসাসেবা দল ও পর্যাপ্ত অজুখানার সুবিধাও রাখা হয়।

ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় সাজসজ্জা করা হয়। বিভিন্ন স্থানে মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখে ঢাকা মহানগর পুলিশ।

জামাতকে কেন্দ্র করে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের তিন ধাপে তল্লাশির পর ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকাল থেকেই সতর্ক অবস্থানে দেখা যায়।

Link copied!