বসুন্ধরা সিটির সাততলা থেকে পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৬, ০২:৩০ পিএম

বসুন্ধরা সিটির সাততলা থেকে পড়ে নিহত যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরে সাততলা থেকে পড়ে মারা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত মো. সৌরভ (২৭) উত্তরার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠয়ে আইন বিষয়ে পড়াশোনা করতেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও জানা গেছে, সৌরভ কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা জানান, বুধবার বিকেলে সৌরভ একাই বসুন্ধরা সিটিতে প্রবেশ করেন। পরে তিনি বিভিন্ন তলা ঘুরে সাততলায় যান এবং সেখান থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পুরো সময় তিনি একাই ছিলেন।
নিহত সৌরভের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তাঁর বাবা রুস্তম আলী এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পরে তিনি ছেলের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান।

ঘটনার সময় সৌরভের ব্যবহৃত মুঠোফোন ক্ষতিগ্রস্ত হয়। পরে তার সিম অন্য একটি ফোনে ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
উল্লেখ্য, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতরের খোলা অংশে সাততলা থেকে পড়ে যান সৌরভ। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!