শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৪২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।

আজ (বৃহস্পতিবার) নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস নেওয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোন সিন্ডিকেট। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে নকল বিরোধী অভিযানের আর দরকার হবে না। এরআগে মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এটি আধুনিকায়ন করা হবে। দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

Link copied!