ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৭ পিএম
কৃষিমন্ত্রী আমিন উর রশীদ | ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে। এমন তথ্য জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী জানান, প্রথমে হতদরিদ্র নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে; যার মাধ্যমে তারা নগদ দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত সুবিধা পেতে পারবেন।
কীসের ভিত্তিতে কার্ড দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে কিছু অঞ্চলের মানুষের মধ্যে তা বণ্টন করা হবে। এ নিয়ে কিছু এলাকা আগেই নির্ধারণ করা হয়েছে। তবে প্রথমে কতজনকে দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতিই পূরণ করবে সরকার।