ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৮ পিএম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ফল কার্যকর করতে আলাদা কোনো শপথের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও সংসদ সদস্যদের শপথ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ দুই ধরনের ভোটই এসেছে। যেহেতু ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেইজ হবে। সংসদে আলোচনা হবে। তাই হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্র হ্যাঁ কার্যকরী হবে। এটাই হবে জুলাই জাতীয় সনদ।’
তিনি আরও বলেন, গণভোটে পাওয়া ‘না’ ভোটও সেই অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে। সেসব আলোচনার ভিত্তিতে নির্ধারণ হবে। কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। জনসাধারণ যে হ্যাঁ ভোট দিয়েছেন, সেটি অটোমেটিক নীতি-নির্ধারণী অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে কার্যকরী হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় মন্ত্রী সতর্ক করে বলেন, মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তা দেশ গঠনের পথে বাধা হয়ে দাঁড়াবে। যারা এ ধরনের অরাজকতা ছড়াবে, তারা দেশের স্বার্থের বিরোধী হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন তিনি।