ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৫২ পিএম
পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহিদদের স্মরণে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানী সামরিক কবরস্থান-এ প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হয়। বার্ষিক দরবার চলাকালে শুরু হওয়া ওই বিদ্রোহ দ্রুত রক্তক্ষয়ী ঘটনায় রূপ নেয়। এতে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী-শিশুসহ মোট ৭৪ জন প্রাণ হারান।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।