প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০১:০৮ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল

নবনিযুক্ত এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুল আওয়ালকে নিয়োগ দিয়েছে সরকার।


রবিবার (১৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে সচিব পদমর্যাদা ও প্রাপ্য সুবিধা দিয়ে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।


এতে বলা হয়, কর্মস্থলে যোগদানের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত তার নিয়োগ কার্যকর থাকবে।


সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ড. এস এম আব্দুল আওয়াল বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।


২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২৫ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

Link copied!