আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল রোববার।
আজ শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, আগামীকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং কতটি বাতিল হয়েছে, সে তথ্য প্রকাশ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি, মঙ্গলবার। এরপর ২১ জানুয়ারি, বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। ইসির তথ্য অনুযায়ী, ওই দিন পর্যন্ত ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।