অকুপেন্সি সনদ ছাড়া মিলবে না ইউটিলিটি সংযোগ

রাজধানীতে ভবন নির্মাণে কড়াকড়ি, বাধ্যতামূলক অকুপেন্সি সনদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৪:০৯ পিএম

রাজধানীতে ভবন নির্মাণে কড়াকড়ি, বাধ্যতামূলক অকুপেন্সি সনদ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভবন নির্মাণ ও ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বিধিমালার আওতায় এখন শুধু স্থাপত্য নকশা নয়, আরও কয়েক ধরনের নকশার অনুমোদন নিতে হবে। পাশাপাশি ভবন ব্যবহারের আগে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি প্রণীত নতুন ভবন নির্মাণ বিধিমালায় বলা হয়েছে, ভবন নির্মাণের অনুমোদনের জন্য এখন আর্কিটেকচারাল নকশার পাশাপাশি স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিজাইনও জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এসব নকশা অনুযায়ী নির্মাণকাজ করা যাবে না। পরিকল্পনাবিদদের মতে, এই নিয়ম কার্যকর হলে ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা এবং ভূমিকম্প প্রতিরোধের বিষয়গুলো আরও নিশ্চিত করা সম্ভব হবে।

রাজধানীতে বর্তমানে প্রায় ২২ লাখের বেশি ভবন রয়েছে। তবে অভিযোগ রয়েছে, এসব ভবনের অনেকগুলোই পুরোপুরি বিধিমালা মেনে নির্মিত হয়নি। সংশ্লিষ্টদের মতে, প্রায় তিন লাখ ভবন অবৈধভাবে নির্মিত হয়েছে।

সম্প্রতি কয়েকটি ভবন দুর্ঘটনার পর বিদ্যমান বিধিমালার নানা দুর্বলতা সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে নতুন ভবন নির্মাণ বিধিমালা প্রণয়ন করা হয়। আগে শুধু স্থাপত্য নকশার অনুমোদন নিয়েই ভবন নির্মাণের সুযোগ থাকলেও নতুন বিধিমালায় তা আর রাখা হয়নি।

নতুন নিয়ম অনুযায়ী, ভবন নির্মাণ শেষ হওয়ার পর সেটি ব্যবহারের আগে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে। আগে এই নিয়ম থাকলেও তা কার্যত বাধ্যতামূলক ছিল না। এখন ভবনের কোন তলা কী কাজে ব্যবহার করা হবে, সেটিও এই সনদে উল্লেখ থাকবে। ভবন বা ফ্ল্যাট কেনাবেচা, এমনকি বিদ্যুৎ ও পানির সংযোগ পেতেও এই সনদ প্রয়োজন হবে।

পরিকল্পনাবিদেরা বলছেন, নতুন বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে রাজধানীর ভবন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নগর নিরাপত্তা অনেকাংশে বাড়বে। এজন্য রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন তারা।

তবে নতুন বিধিমালার আওতায় ভবন নির্মাণের অনুমোদন ফিও কয়েকগুণ বাড়ানো হয়েছে, যা নিয়ে নির্মাণ সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Link copied!