কৃষি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করল বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৩:২২ পিএম

কৃষি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করল বাংলাদেশ ব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার একটি আবর্তনযোগ্য পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। পরে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে তা পাঠানো হয়।

নীতিমালায় বলা হয়েছে, কৃষি খাতকে আরও গতিশীল করা, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং দারিদ্র্য হ্রাসে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিও এর অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংক জানায়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকির প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলে আয়বর্ধক কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোও এর উদ্দেশ্য।

‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে এই তহবিল গঠন করা হয়েছে।

স্কিমটির মোট আকার ১০ হাজার কোটি টাকা, যা আবর্তনযোগ্য ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ অর্থায়ন দেওয়া হবে এবং এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এই স্কিম বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো নির্ধারিত বরাদ্দ অনুযায়ী অর্থ বিতরণ করবে।

এতে আরও বলা হয়েছে, এই স্কিমের আওতায় বিতরণ করা কৃষি ও পল্লী ঋণ সংশ্লিষ্ট ব্যাংকের বার্ষিক কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গণ্য হবে।

বিশ্লেষকদের মতে, নতুন এই পুনঃঅর্থায়ন স্কিম কৃষি খাতে অর্থপ্রবাহ বাড়িয়ে উৎপাদন ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Link copied!