মার্চ ২২, ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের আকাশপথে চলমান অস্থিরতার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের তিনটি এবং এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইটও বাতিল হয়েছে। তবে সব ফ্লাইট স্থগিত হয়নি। একই সময়ে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলেও জানান তিনি।
এদিকে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে কিছু ফ্লাইট এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে এখন পর্যন্ত এই বিমানবন্দর থেকে শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।