গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল জারি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০১:৫৭ পিএম

গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল জারি

ছবি: সংগৃহীত

গৃহকর্মীদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

রুলে একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, রিটে উত্থাপিত সুপারিশ অনুযায়ী গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না। এ বিষয়ে আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্র সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিম আল ইসলাম। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী খাদিজাতুল কোবরা ও আইনজীবী রওশন আরা।

রিটকারী আইনজীবী জানান, রাজধানীতে গৃহকর্মীকে ঘিরে ঘটে যাওয়া একটি আলোচিত হত্যাকাণ্ডের পর বিষয়টি সামনে আসে। এরপর ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের শরণাপন্ন হতে হয়।

উল্লেখ্য, বিদ্যমান আইনে ঢাকার কয়েকটি এলাকায় গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। আদালতের এই রুলের মাধ্যমে বিষয়টি নতুন করে গুরুত্ব পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!