গ্লাভস-হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন সালমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৪:০৬ পিএম

গ্লাভস-হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন সালমান

ছবি: সংগৃহীত

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের ঘটনায় পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন। আউট হওয়ার ক্ষোভে মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারার কারণে তাকে আনুষ্ঠানিক তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলটি সোজা ব্যাটে খেলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বলটি থামান, কিন্তু ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজ দুজনেই বলের দিকে হাত বাড়ান। মিরাজ দ্রুত বলটি তুলে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করে সালমানকে রানআউট ঘোষণা করেন।

এ ধরনের অদ্ভুত আউটের পর সালমান চরম বিস্মিত ও ক্ষুব্ধ হন। তিনি হেলমেট ছুড়ে মারেন এবং চিৎকার করতে থাকেন, পাশাপাশি মাঠে লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও ঘটায়। সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন।

ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমানকে “অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট” এর দায়ে শাস্তি দেন। যেহেতু সালমান নিজের দোষ স্বীকার করেছেন, আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

উল্লেখ্য, এই ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অঘোষিত ফাইনাল।

Link copied!