জুন ১১, ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণ পরই মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী দেড় মাস বিশ্বের নজর থাকবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, যেখানে শিরোপার লড়াইয়ে নামবে বিশ্বের সেরা ৪৮টি দল।
বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ১টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোতে। তাই বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠছে সেখান থেকেই।
মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলার নানা উপস্থাপনা থাকবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।
পরবর্তী দুই দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কানাডার অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজসহ একাধিক তারকা শিল্পী। আর যুক্তরাষ্ট্রের আয়োজনে দর্শকদের জন্য থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা, প্রযুক্তিনির্ভর মঞ্চায়ন ও জনপ্রিয় সংগীত তারকাদের পরিবেশনা।
বাংলাদেশের দর্শকরা বিটিভি, সময় টেলিভিশন ও টি-স্পোর্টসে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি টফি, মাই রবি ও বায়োস্কোপেও খেলা উপভোগ করা যাবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। কোটি কোটি ফুটবলভক্ত এখন অপেক্ষায় প্রথম বাঁশির, যার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।