অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৯:০১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

তিনি আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।

এ ঐতিহাসিক অর্জনের জন্য প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Link copied!