জুন ১০, ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত
অবশেষে আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপের। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়াকে ছাপিয়ে যাবে।
রেকর্ড ৪৮টি দল এবং লক্ষ লক্ষ সমর্থক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ভিড় জমাতে শুরু করেছেন। তিন দেশের যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ, এবং আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ।
বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। সহ-আয়োজক মেক্সিকো স্থানীয় সময় বিকেল ৩টা এবং বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। প্রায় ছয় সপ্তাহব্যাপী এই আয়োজন শেষ হবে ১৯ জুলাই নিউ জার্সির ৮২,৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।
৩৮ বছর বয়সী লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার বিতর্কের অবসান ঘটাতে পারবেন? নাকি তার চিরপ্রতিদ্বন্দ্বী ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডো সময়কে হার মানিয়ে পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেবেন? কিংবা হ্যারি কেনের নেতৃত্বে ইংল্যান্ড কি ১৯৬৬ সালের পর দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটাবে?
এসব প্রশ্নের উত্তর মিলবে টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, `পৃথিবী কখনও দেখেনি এমন সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী।`
তবে এই আশাবাদের পাশাপাশি রয়েছে নানা সংশয়। টিকিটের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক সংঘাত নিয়ে শুরু থেকেই উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১,৬০০ ডলার, অথচ ২০২৬ সালে ফিফার সবচেয়ে দামি টিকিটের দাম পৌঁছেছে ৩২,৯৭০ ডলারে। ১০৪টি ম্যাচজুড়ে এই মূল্যবৃদ্ধি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চাহিদা থাকা সত্ত্বেও বহু ম্যাচের টিকিট এখনও পুনর্বিক্রয় বাজারে পাওয়া যাচ্ছে।
এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকিটের দাম নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, `সত্যি বলতে, আমিও এত টাকা দিয়ে টিকিট কিনতাম না।`
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার প্রভাবও বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করেছে। ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলটি তাদের বেস ক্যাম্প অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে গেছে।
খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও, দলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মীকে মার্কিন কর্তৃপক্ষ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইরান এই ঘটনাকে `ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক আচরণ` বলে নিন্দা জানিয়েছে।
এবারের বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় গ্রুপ পর্বে প্রতিযোগিতার উত্তেজনা কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম রাউন্ডে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অথচ বাদ পড়বে মাত্র ১২টি দল। নকআউট পর্বে উঠবে ৩২টি দল—প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল।
এই বিশ্বকাপে আরও কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। প্রথমবারের মতো প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝখানে কুলিং ব্রেক থাকবে, যাতে তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব কমানো যায়।
খেলোয়াড় ও রেফারিদের জন্য নতুন নিয়মের মধ্যে রয়েছে—সময় নষ্ট ঠেকাতে দলগুলোকে ১০ সেকেন্ডের মধ্যে বদলি সম্পন্ন করতে হবে।
বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন, তবে তিনি লাল কার্ড পাওয়ার ঝুঁকিতে থাকবেন।
আগামী মাসের ফাইনাল ম্যাচটি ইতিহাসের দীর্ঘতম ফাইনালগুলোর একটি হতে পারে, কারণ সেখানে সুপার বোল-ধাঁচের হাফটাইম শো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ম্যাডোনা, শাকিরা ও বিটিএস প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। ফলে প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে হাফটাইম বিরতি প্রায় ২৫ মিনিট দীর্ঘ হবে।