ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, বরং বিশ্বজুড়ে কোটি দর্শকের জন্য এক বিশাল সাংস্কৃতিক উৎসবও। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠেছে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে, যেখানে ফুটবলের সঙ্গে সংগীতের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অনন্য উৎসবের আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তারা একসঙ্গে পরিবেশন করেন টুর্নামেন্টের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’, যা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে আরও একটি বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ এক মঞ্চে উঠে বিশ্বকাপের আরেকটি প্রধান গান ‘ডিএনএ’ পরিবেশন করেন। তাদের যৌথ পরিবেশনা স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেও ছিল বিশেষ আয়োজন। দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলস আজুলিস দর্শকদের মাতিয়ে তোলেন নিজস্ব সংগীত পরিবেশনায়। অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন।
এছাড়া লাতিন সংগীতের জনপ্রিয় মুখ ড্যানি ওশেন, জে বালভিন এবং রায়ান কাস্ত্রোর প্রাণবন্ত পারফরম্যান্সও দর্শকদের বাড়তি উচ্ছ্বাস উপহার দেয়।
তবে উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ উৎসবকে আরও বিস্তৃত করা হয়েছে।
কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উঠবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ার রেমা এবং দক্ষিণ আফ্রিকার তারকা টাইলা।
বাংলাদেশের দর্শকদের জন্যও রয়েছে বিশ্বকাপের সব আয়োজন উপভোগের সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের ম্যাচগুলো সম্প্রচার করবে সময় টেলিভিশন। পাশাপাশি বিটিভি ও টি-স্পোর্টসেও বিশ্বকাপের খেলা দেখা যাবে। ডিজিটাল দর্শকদের জন্য টফি, মাই রবি ও বায়োস্কোপ প্ল্যাটফর্মে থাকছে সরাসরি সম্প্রচারের সুবিধা।
ফলে মাঠের উত্তেজনা আর তারকাখচিত সংগীত উৎসব—দুইয়ের সমন্বয়ে বিশ্বকাপের এবারের যাত্রা শুরু হয়েছে এক জমজমাট আবহে।