বিদ্যুৎ সংকট মোকাবেলায় জাপানের মেগা পারিকল্পনা, ২০৫০ সালের মধ্যে ১৪ পারমাণবিক চুল্লি প্রতিস্থাপন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৫, ২০২৬, ১২:৫১ পিএম

বিদ্যুৎ সংকট মোকাবেলায় জাপানের মেগা পারিকল্পনা,  ২০৫০ সালের মধ্যে ১৪ পারমাণবিক চুল্লি প্রতিস্থাপন

ছবি: সংগৃহীত

ফুকুশিমা বিপর্যয়ের পর দীর্ঘ বিরতির শেষে জাপান আবারও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বড় ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে। দেশটি ২০৫০ সালের মধ্যে পুরোনো হয়ে যাওয়া পারমাণবিক চুল্লিগুলো ধাপে ধাপে নতুন প্রযুক্তির চুল্লি দিয়ে প্রতিস্থাপন করতে চায়।

শুক্রবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাপানের শিল্প মন্ত্রণালয় একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে, যেখানে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর শিল্পের দ্রুত সম্প্রসারণের কারণে দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিকল্পনায় ২০৪০-এর দশকের মধ্যে সর্বোচ্চ পাঁচটি এবং ২০৫০ সালের মধ্যে মোট ১৪টি পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, জাপানের পারমাণবিক নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো দেশটি পারমাণবিক চুল্লি প্রতিস্থাপনের জন্য নির্দিষ্ট সময়সীমাভিত্তিক লক্ষ্য নির্ধারণ করেছে, যা ভবিষ্যৎ জ্বালানি কৌশলে নতুন দিক নির্দেশনা দিচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের তৈরি এই খসড়া পরিকল্পনা ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ প্যানেলের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। আগামী গ্রীষ্মে সংশ্লিষ্ট মন্ত্রীরা এটি পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

বিদ্যুৎ খাতের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০-এর দশকে জাপানে প্রায় ৫৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে, যা কয়েকটি পারমাণবিক চুল্লির উৎপাদন ক্ষমতার সমান।

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি গলে যায়। ওই ঘটনার পর দেশটি দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসে।

তবে বর্তমানে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং দ্রুত বর্ধমান প্রযুক্তি খাতের বিদ্যুৎ চাহিদা মেটাতে জাপান আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Link copied!