নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৬, ০৪:৫৩ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১০ মে) ভোর ৬টা ৫৫ মিনিটে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন— মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে থাকা রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ ঘরে গ্যাস জমে যায়।

তিনি আরও বলেন, সকালে ওই ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছি। ওই কক্ষ থেকে আমরা একটি গ্যাস লাইটার পেয়েছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

Link copied!