এপ্রিল ৭, ২০২৬, ০৬:০৭ পিএম
সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি ও পণ্যের সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে এবং ভর্তুকির মাধ্যমে বাজারের চাপ সামাল দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ প্রকল্পের জন্য উন্নয়ন বাজেট থেকে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ৫৪ জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ জরিমানাও আদায় করা হয়েছে এবং ট্রাক সেলের মাধ্যমে কম দামে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, হামের সংক্রমণ উদ্বেগ তৈরি করলেও দ্রুত টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে, শিগগিরই তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।
আইনশৃঙ্খলা ও নগর ব্যবস্থাপনায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে এবং নৌযানগুলোকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ খাতে বনায়ন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বনভূমি পুনরুদ্ধারের কাজও চলছে বলে জানান তিনি। একই সঙ্গে যুব ও ক্রীড়া খাতে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতা থাকলেও সরকার সব খাতে সমন্বিতভাবে কাজ করছে এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।