দেশে পেট্রোল-ডিজেল-অকটেনের মজুত কত, জানালো জ্বালানি বিভাগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০২:২৯ পিএম

দেশে পেট্রোল-ডিজেল-অকটেনের মজুত কত, জানালো জ্বালানি বিভাগ

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি। এপ্রিলেও কোনো সংকট হবে না।

ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি তিনি জানান, ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাইনি।

এদিকে, অবৈধ মজুতবিরোধী অভিযানে গত সোমবার সারাদেশে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিলো, তা পাওয়া গেছে।

Link copied!