জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫০ পিএম

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের কাছে দুই বিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, এই সংকট আমাদের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার বিষয়টি স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ প্রয়োজন।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংকটের মাত্রা ও পরিণতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা ১৯৮০ এর দশকের উন্নয়ন কার্যক্রম স্থবির করে দিয়েছিল।

জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে বেশ কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তনের মাধ্যমে চাহিদা ব্যবস্থাপনা, জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে সরবরাহ স্বাভাবিক রাখা, ভোক্তা পর্যায়ে জ্বালানি রেশনিং ও খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ, এবং মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা ঠেকাতে ‘ফুয়েল অ্যাপ’ চালুর মতো পদক্ষেপ।

Link copied!