ছবি: এপি
শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা, গোলের পর গোল, নাটক আর বিতর্কে ভরা এক ম্যাচে শেষ হাসি হাসল বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর মাত্র ৩৬ সেকেন্ডেই চমক দেখায় রিয়াল মাদ্রিদ। বায়ার্ন গোলরক্ষক নয়ারের ভুলে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আরদা গুলের। শুরুতেই এগিয়ে যায় রিয়াল, ফলে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরে আসে তারা।
তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। কর্নার থেকে কিমিখের নিখুঁত ক্রসে হেডে গোল করে সমতা ফেরান তরুণ মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শুরুতে চাপে থাকলেও ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দে ফেরে রিয়াল। ৩০ মিনিটে গুলেরের ফ্রি-কিক থেকে আসে তার দ্বিতীয় গোল।
৩৯ মিনিটে আবারও জবাব দেয় বায়ার্ন। বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হ্যারি কেইন। তবে বিরতির আগে আবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে সহজ গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় রিয়াল, বিশেষ করে এমবাপ্পের কয়েকটি সুযোগ নষ্ট বড় আকার নেয়। ম্যাচের মোড় ঘুরে যায় ৮৭ মিনিটে, যখন কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৯০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান লুইস দিয়াজ। এরপর যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে রিয়ালের স্বপ্ন ভেঙে দেন মাইকেল অলিসে। সেই গোলেই নিশ্চিত হয় বায়ার্নের সেমিফাইনাল।
ম্যাচ শেষ হলেও নাটক থামেনি। শেষ বাঁশির পর লাল কার্ড দেখেন রিয়ালের গুলের, যা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়।
সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে স্পোর্টিংয়ের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। সেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।