টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৭ পিএম

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার টাইমের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তালিকার বিষয়ে জানানো হয়। প্রতিবেদনে তাকে ‘লিডার’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।

এতে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটান। পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে ফিরে আসেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশের ক্ষমতার সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসে। সেই প্রেক্ষাপটে তারেক রহমানকে বিরোধী রাজনৈতিক কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতা হিসেবে সামনে আনা হয়।

প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকার পর তিনি রাজনৈতিকভাবে আরও সংগঠিতভাবে সক্রিয় হন এবং একটি বড় নির্বাচনী সাফল্যের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তার রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গও এতে উঠে আসে। সেখানে বলা হয়, তিনি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করছেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

প্রতিবেদনটিতে তার ব্যক্তিগত শোক ও রাজনৈতিক অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপ নিয়েও আলোচনা করা হয় প্রতিবেদনে। আঞ্চলিক সম্পর্কের প্রসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদনে শতাব্দীর শুরুর দিকের কিছু পুরনো আইনি ও রাজনৈতিক বিতর্কের কথাও উঠে আসে, যদিও পরে সেগুলো আদালতে খারিজ হয়েছে বলে দাবি করা হয়।

সবশেষে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাসিত জীবন শেষে তারেক রহমান এখন দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, তিনি টাইম ম্যাগাজিনকে দেওয়া মন্তব্যে বলেন, রাজনৈতিক বিভাজন দূর করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

টাইমের তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করা হয়। এবারের ‘লিডার’ ক্যাটাগরিতে তারেক রহমানের পাশাপাশি আরও রয়েছেন পোপ লিও চতুর্দশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রমুখ।
 

Link copied!