এপ্রিল ১৬, ২০২৬, ১২:২২ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন তথ্য জানিয়েছে এনবিআর।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে এনবিআরের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রটি এর আগেও একই কৌশল ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতারণার ঝুঁকিতে রয়েছেন।
এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে, সন্দেহজনক কোনও নম্বরের সঙ্গে আর্থিক লেনদেন না করার এবং এমন ঘটনার সম্মুখীন হলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।