একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০২:১৪ পিএম

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে ৫ সন্তান জন্ম দিয়েছেন। ৫ দিনের চিকিৎসা শেষে মা ও নবজাতক সবাই সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের পুরো এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন গৃহবধূ মাসুমা আক্তার (৩০)। ৫ নবজাতককে নিয়ে বাড়ি ফেরায় এলাকাজুড়ে ব্যাপক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা।

পরিবার সূত্রে জানা যায়, ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ৫টি সন্তান জন্ম দেন, যার মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বর্তমানে মা ও নবজাতক সবাই সুস্থ এবং আশঙ্কামুক্ত।

চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, সাধারণত এ ধরনের ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। তবে এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক। তিনি আরও জানান, বাংলাদেশে একসঙ্গে ৫টি সুস্থ শিশুর জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি।

বিরল এই খবর ছড়িয়ে পড়ার পর কাজল মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকেও অনেকে নবজাতকদের এক নজর দেখতে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে।

তবে ঘটনার ব্যাপক আলোচনার মধ্যেও শিশুদের বাবা-মা গণমাধ্যমের সামনে সরাসরি সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারা বর্তমানে সন্তানদের স্বাস্থ্য এবং পারিবারিক গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছেন।

Link copied!