এপ্রিল ১৬, ২০২৬, ০১:২৯ পিএম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
আজ বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’ বিষয়ক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগ সংক্রান্ত তথ্য পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস-২০২৪’ অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।
এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিকসহ অন্যান্য শ্রেণিতে ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।