এপ্রিল ১৭, ২০২৬, ১২:৪৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে একটি শান্তি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয়, সেই বৈঠকেই আমরা একটি চুক্তিস্বাক্ষর দেখতে পাবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে হতে যাচ্ছে সেই বৈঠক।’
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানান। পোস্টে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’
তবে এই যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি সংলাপ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হয়। এর দুই দিন পর ২ মার্চ থেকে লেবাননে পৃথকভাবে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।