হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০৫:৫৬ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ জন এবং হামে আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এছাড়া একই সময়ে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন।

এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

Link copied!