ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১২:৪২ পিএম

ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

জেডি ভ্যান্স | ছবি: এপি

ইরানের সঙ্গে পূর্বপরিকল্পিত শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আজ শনিবার পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন।

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে কী বলেছেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে নাকি সামনের দিনগুলোতে চলবে, তা তিনি নিশ্চিত নন। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প পরিকল্পনার দরকার নেই।’

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

গালিবাফ বলেন, ‘ইরানের সদিচ্ছা থাকার পরও এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে দুইবার তারা আমাদের ওপর হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু (আমেরিকানদের ওপর) আমাদের আস্থা নেই।’ ইরানের প্রতিনিধিদলের প্রধান আলোচক উল্লেখ করেন, যদি আমেরিকান পক্ষ একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নিতে রাজি হয়, তবে তারা ইরানের পক্ষ থেকেও একটি চুক্তির জন্য প্রস্তুতি দেখতে পাবে।’

Link copied!