অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৬, ০১:৪৩ পিএম

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিলং শহরের কোরিও এলাকায় ভিভা এনার্জির মালিকানাধীন এই শোধনাগারে বড় ধরনের আগুন লাগার ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ও আগুন লাগার খবর পাওয়া যায়। প্রায় ১৩ ঘণ্টা ধরে জ্বলতে থাকার পর বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদা পূরণ করে এবং পুরো অস্ট্রেলিয়ার প্রায় ১০ শতাংশ জ্বালানি সরবরাহে ভূমিকা রাখে। দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানান, অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত আকারে চালু রাখার চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, এই অগ্নিকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন অস্ট্রেলিয়া ইতোমধ্যে জ্বালানি সংকটে জর্জরিত। ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটি আগে থেকেই চাপের মধ্যে ছিল।

Link copied!