যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১২:৩৬ পিএম

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিয়া (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন তার মা ও ছোট দুই ভাই-বোন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—দিয়ার ভাই মোয়াজ আহমেদ (১৫), বোন জয়া (১২) এবং মা নুসরাত জাহান মৌসুমী (৪০)।

পরিবারটির গাড়িচালক মো. বিল্লাল হোসেন জানান, কাজলা ভাঙ্গা প্রেস এলাকার বাড়িটি ভুক্তভোগীদের নিজস্ব। পাশেই তাদের আরেকটি বাড়ি রয়েছে, যেখানে মুসা নামে এক ঠিকাদার ভাড়া থাকেন। মৌসুমিদের বাড়ির নির্মাণকাজও তিনি করছিলেন এবং এ কাজে তার কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়েই মৌসুমির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সর্বশেষ সোমবার রাত ২টার দিকে মৌসুমির বাসায় গিয়ে তিনি দীর্ঘ সময় কথা বলেন এবং বলেন, “কাকি আমাকে মাফ করে দিয়েন।” এরপরই সঙ্গে থাকা লুকানো চাপাতি বের করে মৌসুমিকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন মাকে বাঁচাতে গেলে তিন সন্তানকেও আঘাত করা হয়।

মো. বিল্লাল হোসেন আরও জানান, খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। তার মা মৌসুমির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মা ও দুই ভাই-বোনকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আইসিইউতে জয়া ও মৌসুমি চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। জয়া একটি মাদ্রাসায় এবং ছোট ভাই মোয়াজ একটি স্কুলে পড়াশোনা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজছাত্রী হত্যার ঘটনা ঘটে এবং তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!